প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬ ২০:২৫ (সোমবার)
সুনামগঞ্জ সরকারি কলেজে ‘স্টুডেন্ট ফোরাম’ গঠিত

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জ সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নানাবিধ সমস্যা সমাধান এবং মেধা ও প্রতিভা বিকাশের বার্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘স্টুডেন্ট ফোরাম’।

আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই স্টুডেন্ট ফোরামের অনুমোদন দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম আজাদ।

অনুমোদিত কমিটিতে সর্বসম্মতিক্রমে রেদওয়ানকে সভাপতি এবং আলবাবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অধ্যক্ষের কার্যালয়ে কমিটি অনুমোদনকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক যেকোনো প্রয়োজনে এই সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে।

নবগঠিত স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ জানান, সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানসহ তাদের মেধা ও প্রতিভা বিকাশে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আগামীতে কলেজে বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া টুর্নামেন্ট ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটি গঠনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।