ছবি : সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বনপাড়া-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় আজ ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাটোর সদর সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তারা দ্রুত আহতদের উদ্ধার শুরু করেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফিরোজপুর থেকে নাটোরে যাচ্ছিল। সরদারপাড়ায় এলে বাসটির সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন।
পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক শিশুসহ ১৩ জন পুরুষ।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের নাটোর সদর ও স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুমনী আক্তার ও পুলিশ সুপার শরীফুল হকসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
১৪ জন নিহতের খবর নিশ্চিত করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া মরদেহ দাফনে পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।