প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৩৪ (মঙ্গলবার)
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে (নেসেট) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোটের মধ্যে তীব্র ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সর্বশেষ বুথফেরত জরিপ অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য এককভাবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারছে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচন নিয়ে ইসরায়েলের প্রধান সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান ১১’ এবং টেলিভিশন ‘চ্যানেল ১৩’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও বিরোধী জোট উভয়ই ৫১টি করে আসন পেতে পারে।

অন্যদিকে, চ্যানেল ১২ তাদের জরিপ সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫০টি এবং নেতানিয়াহুর জোট ৫২টি আসন পেতে পারে। এর আগে প্রকাশিত প্রাথমিক জরিপে নেতানিয়াহুবিরোধী জোট সামান্য এগিয়ে ছিল। 

ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারছে না। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৬১টি আসন। এমন পরিস্থিতিতে আরব দলগুলোর সম্ভাব্য আসন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনে আরব দলগুলো (জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম) সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে। সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এই দলগুলোই এখন ‘কিংমেকার’ বা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা প্রায় ৩০ বছর বা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। গত ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ পয়েন্ট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম পার্লামেন্ট নির্বাচন হওয়ায় প্রচারে নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

কোনো পক্ষই এককভাবে ৬১ আসন নিশ্চিত করতে না পারায় সরকার গঠন নিয়ে তীব্র দর-কষাকষির সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহু একক বৃহত্তম দলের নেতা হিসেবে এবং আইজেনকোট বৃহত্তর জোটের নেতা হিসেবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের দাবি জানাতে পারেন।

চ্যানেল ১৩-এর পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’ এককভাবে ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের সবচেয়ে বড় দল হতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’ ২৩টি এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ১৩টি আসন পেতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, চূড়ান্ত ফলাফলের পর যদি কোনো পক্ষই প্রয়োজনীয় ৬১ আসন জোগাড় করতে না পারে, তবে ২০১৯ থেকে ২০২২ সালের মতো আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে ইসরায়েল। সেই সময়ে দেশটিতে মাত্র কয়েক বছরের ভেতর পাঁচবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু করেছে। আগামী ৪ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হতে পারে।