প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ ১১:১২ (মঙ্গলবার)
ইসলামে ওয়াক্সিং কি জায়েজ? কী বলছে শরিয়ত

ছবি: এআই জেনারেটেড

নারীদের হাত ও পায়ে স্বাভাবিকের চেয়ে বেশি লোম থাকা কিংবা সৌন্দর্য বর্ধনের জন্য নিয়মিত রূপচর্চার অংশ হিসেবে ওয়াক্সিং করার প্রচলন বেশ পুরোনো। আজকাল অনেক পুরুষও বুক ও পিঠের লোম পরিষ্কার করতে ওয়াক্সিং করে থাকেন। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এভাবে ওয়াক্সিং করে শরীরের লোম তুলে ফেলা জায়েজ কি না—তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। ইসলামি আইন ও ফিকাহ শাস্ত্র অনুযায়ী এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

ইসলামি শরিয়ত অনুযায়ী মানুষের শরীরের লোম বা পশমকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে:

১. যেগুলো কাটা বা তুলে ফেলা নিষিদ্ধ:

প্রথম প্রকারের লোম হলো পুরুষের দাড়ি, ভ্রু এবং নারীদের ভ্রু। রাসুলুল্লাহ (সা.) ভ্রু উপড়ে ফেলা বা শরীরের প্রাকৃতিক সৃষ্টিতে কৃত্রিম বিকৃতি আনয়ন করাকে নিষেধ করেছেন। সহিহ বুখারির (৪৮৮৬) এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ এমন নারীদের ওপর লানত (অভিশাপ) করেছেন, যারা উল্কি আঁকে, সৌন্দর্যের জন্য ভ্রু উপড়ে ফেলে কিংবা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে; কারণ তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায়।

২. যেগুলো কাটার নির্দেশ রয়েছে:

দ্বিতীয় প্রকারের পশম হলো বগল ও নাভির নিচের অংশ (শ্রোণীদেশ)-এর পশম এবং পুরুষের গোঁফ। এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত পরিষ্কার করা বা কেটে ফেলা শরিয়তের নির্দেশ।

৩. যেগুলোর ব্যাপারে কোনো কঠোর বিধিনিষেধ নেই:

শরীরের অন্যান্য সমস্ত লোম এই তৃতীয় ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ, এই লোমগুলো চাইলে রাখা যায়, আবার কেউ যদি তা কাটতে, মুণ্ডন করতে বা ওয়াক্সিং করে উপড়ে ফেলতে চান—তবে তাতে কোনো গুনাহ নেই।

ইসলামি বিশেষজ্ঞরা জানান, নারীদের ক্ষেত্রে ভ্রু ও মাথার চুল ছাড়া শরীরের অন্যান্য যেকোনো জায়গার অতিরিক্ত লোম ওয়াক্সিং বা অন্য কোনো উপায়ে অপসারণ করা সম্পূর্ণ বৈধ। একইভাবে হাত, পা, বুক কিংবা পিঠের লোম পরিষ্কার করার ক্ষেত্রেও পুরুষদের জন্য একই বিধান প্রযোজ্য।