প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬ ০০:০৩ (মঙ্গলবার)
শাল্লায় মা'দ'কবিরোধী অভিযানের জের ধরে উজ্জলার বাড়িঘরে হামলা-ভা

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাদকবিরোধী অভিযানের জের ধরে ফরিদা খাতুন উজ্জলা (৪০) নামে এক নারীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘরে ভাঙচুর করে গবাদিপশু, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সরেজমিনে গেলে তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, দৌলতপুর গ্রামের ফরিদা খাতুন উজ্জলা এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় উজ্জলার বিরুদ্ধে শাল্লা থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। তাঁর আপন ভাই সাদ্দাম মিয়ার বিরুদ্ধে তিনটি, স্বামী হেলাল মিয়ার বিরুদ্ধে সাতটি এবং বাবা দুলাল মিয়ার বিরুদ্ধে মাদক অন্যান্য তিনটি মামলা রয়েছে বলে জানান শাল্লা থানা পুলিশ।
এর আগে সম্প্রতি উজ্জলার স্বামী হেলাল মিয়াকে ২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেন মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। একইভাবে উজ্জলার ভাই সাদ্দাম মিয়া ও তাঁর সহযোগী শীশ আহমেদকেও ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন মাদক বিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। 
এদিকে দৌলতপুর অটোস্ট্যান্ডে উজ্জলার একটি দোকান রয়েছে। সম্প্রতি ওই দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেন উজ্জলা। অন্যদিকে এলাকায় মাদক বিক্রি বন্ধের শর্তে উজ্জলার কাছ থেকে মুচলেকা নেওয়ার উদ্যোগ নেন স্থানীয়রা। তবে উজ্জলা এতে রাজি হননি বলে জানা গেছে। এসব ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তাঁর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে উত্তেজিত জনতা। তবে হামলার ঘটনায় ভিন্ন অভিযোগ করেছেন উজ্জলা। তাঁর দাবি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাঁর দাদা মাহমুদ আলী শহীদ হন এবং আপন ফুফু জমিলা খাতুন একজন বীরাঙ্গনা ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী। এ কারণে যুদ্ধাপরাধ মামলার আসামি আব্দুল হেকিম মোড়ল, জোবায়ের মনির সহ অন্যান্য আসামির লোকজনের নির্দেশে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। উজ্জলা বলেন, 'আমি দীর্ঘদিন ধরে দোকান ব্যবসা করে আসছি। গত ৫ আগস্টের পর থেকে উল্লেখিত ব্যক্তিরা আমার কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং ফুফু যুদ্ধাপরাধ মামলার সাক্ষী। এ কারণেই মূলত আমার বাড়িঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও গরু লুটপাট করা হয়েছে। আমার ১২টি গরুর মধ্যে ছয়টি নিয়ে গেছে এবং বাকি ছয়টি দাউদপুরের এক ব্যক্তির বাড়িতে জিম্মায় রাখা হয়েছে।'

তবে উজ্জলার এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হেকিম মোড়ল। তিনি বলেন, 'উত্তেজিত জনতা উজ্জলার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে, এটা সত্য। তবে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী হওয়ার কারণে হামলা হয়েছে, এমন অভিযোগ সঠিক নয়। উজ্জলা, তাঁর ভাই ও স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আবার আমাদের নামেও চুরির মামলা দেওয়া হয়েছে।'

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতা শাহীন আল কাউসার বলেন, 'মাদক বিক্রি করতে নিষেধ করাতেই এ ঘটনা ঘটেছে। এখন ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। আমরা মুক্তিযোদ্ধাদের স্যালুট করি। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী হওয়ার কারণে এ হামলা হয়েছে, বিষয়টি এমন নয়।'
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।