প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬ ১৪:০৯ (মঙ্গলবার)
জাতীয় যুব দিবসে সফল সংগঠনের সম্মাননা পেল আলোকবর্তিকা

ছবি : সংগৃহীত

যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সফল সংগঠন হিসেবে সম্মাননা স্মারক পেয়েছে সামাজিক সংগঠন আলোকবর্তিকা যুব সংগঠন।

রোববার (১ নভেম্বর) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস চন্দ্র শীল।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন শেখ আবু সাইদ। এছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম, যুব মহিলা প্রতিনিধি তৃষ্ণা আক্তার রুসনা এবং যুব প্রতিনিধি মোহাম্মদ আলী ফুয়াদ ও মোহাম্মদ আবিদুর রহমান।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। ২০২৬ সালের শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার দোলারবাজার এলাকার লক্ষ্মীপুর গ্রামের মেসার্স আনান ফুয়াদ পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ফুয়াদ। এছাড়া শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠন।

অনুষ্ঠানের অতিথিরা নির্বাচিত উদ্যোক্তা ও সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও যুবঋণের চেক তুলে দেন। উপজেলা পর্যায়ে সফল সংগঠন হিসেবে আলোকবর্তিকার এই স্বীকৃতি সংগঠনটির সামাজিক ও যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।