https://www.onetv24.com/

1294

sunamganj

সুনামগঞ্জ

দিরাইয়ে দুই পক্ষের বিরোধে দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২
দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ান টিভি

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে পূর্ব বিরোধের জেরে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে গুলি ছোড়ার অভিযোগ পুলিশ নিশ্চিত করেনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারিকে কেন্দ্র করে তারাপাশা ও টংঘর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। এর জের ধরে রোববার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে মিলনগঞ্জ বাজারে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এরই ধারাবাহিকতায় টংগর গ্রামের ইসমাইল খানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়। একপর্যায়ে তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলি ছোড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।