https://www.onetv24.com/

1310

sunamganj

সুনামগঞ্জ

আপত্তির মুখে দিরাইয়ে মহিলা প্রীতিম্যাচ স্থগিত

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ২১:০৬
স্টাফ রিপোর্টার

ছবি : ওয়ান টিভি

আপত্তির মুখে স্থগিত করা হয়েছে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব মহিলা প্রীতি ফুটবল খেলা। সোমবার বিকেলে স্থানীয় মেয়েদের ফুটবল ক্লাব স্বপ্নচূড়ার স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোটিং ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচটি হওয়ার কথা থাকলেও স্থানীয় একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত করা হয় খেলাটি। খেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

জানা গেছে গেলো দুইদিন ধরে দিরাই পৌর স্টেডিয়াম দিরাই প্রেসক্লাব মহিলা ফুটবল প্রীতিম্যাচ আযোজনের বিষয়টি দিরাই পৌর শহরসহ আশেপাশের এলাকায় মাইকিং করে সদ্য গঠিত দিরাই প্রেসক্লাবের একাংশ। এ নিয়ে স্থানীয় স্থানীয় গণমাধ্যম ও প্রেসক্লাবের অন্য অংশের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়াও মহিলা প্রীতি ম্যাচের নামে অশ্লীলতা আখ্যা দিয়ে এটি বন্ধে ৩ অক্টোবর রবিবার রাতে ইউএনও সনজীব সরকারের সঙ্গে দেখা করে খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানান দিরাই পৌর এলাকার চন্ডিপুর এলাকার বাসিন্দা মাওলান শরিফ উদ্দিনসহ কয়েকজন। সোমবার সকালে ফের বিষয়টি নিয়ে ইউএনও সাথে দেখা করেন তারা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলা স্থগিত করা হয়।

এ বিষয়ে সদ্য গঠিত দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরুল বলেন,এক দুই মাস হয়েছে আমরা কয়েকজন মিলে আরেকটি প্রেসক্লাব গঠন করেছি। আমরা এই ফুটবল টুর্নামেন্টে স্পন্সর করেছি। এ নিয়ে অন্য প্রেসক্লাবের বিরোধিতা রয়েছে। অন্য প্রেসক্লাবের সভাপতির ভাই একজন আলেম। তিনি এখন আলেমদের ব্যবহার করে ফুটবল খেলা বন্ধ করেছেন বলে দাবি তার।

আয়োজক সংগঠন স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া প্রথ বলেন, আজ সোমবার বিকাল সাড়ে চারটায় খেলা হওয়ার কথা। সিলেটের জারা স্পোটিং ক্লাবের মেয়েরা দিরাই চলে আসছেন। হঠাৎ প্রশাসন ও থানা থেকে জানানো হয় খেলা স্থগিত। অতচ পাঁচ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খেলার বিষয়ে অবগত করেছি তিনি তখন কিছু বলেননি।

তিনি বলেন, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। এলাকার কিশোরীদের নিয়েই এই দল। ২০১৯ সালে এই দলের আমন্ত্রণে দেশের সাতটি জেলার মেয়েদের সাতটি ফুটবল দল দিরাইয়ে এসে খেলে গেছে। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলেছে। জাতীয়ভাবেও আমরা অনেক খেলায় অংশগ্রহণ করেছি। এমন বাঁধা কখনো আসেনি। হঠাৎ এমন বাঁধায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শরিফ উদ্দিন বলেন, তাঁরা আগে শুনেছিলেন কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।

এ বিষয়ে দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি মাওলানা শরিফ উদ্দিন বলেন,আমরা খেলাধূলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী। গতকাল সারাদিন মাইকিং মহিলাদের ফুটবল খেলা হবে। মহিলাদের নিয়ে অশ্লীলতা হবে সেটা আমরা মানতে পারিনা। আমরা দাবি জানিয়েছি এই খেলা বন্ধের জন্য। প্রশাসন এটি বন্ধ করেছে।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, আমার কাছে কোনো সাংবাদিক সংগঠন আসেনি। গতকাল থেকে কিছু আলেম এসে এই খেলক বন্ধের দাবি জানিয়েছেন। যেহেতু খেলা নিয়ে দুইটি পক্ষ হয়েগেছে সেহেতু আমরা খেলা স্থগিত রেখেছি। আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজন করতে বলা হয়েছে।