https://www.onetv24.com/

1340

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৪:০৭
স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এম এ মোতালেব ভূঁইয়াকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোতালেব ভূঁইয়ার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় আহাদকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।