https://www.onetv24.com/

1293

sunamganj

সুনামগঞ্জ

শান্তিগঞ্জে ৭৫ কোটি টাকার ফোর লেন কাজে ধীরগতি, জনসাধারণের দু র্ভো গ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬
মো. আব্দুল বাছির

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণকাজে ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে মাটি খোঁড়া ও নির্মাণসামগ্রী পড়ে থাকায় যান চলাচলের সময় উড়ছে ধুলাবালি।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে মাটি খোঁড়া হয়েছে। কোথাও বালু ও নির্মাণসামগ্রী পড়ে রয়েছে। কিছু অংশে নির্মাণকাজ চললেও অন্য অংশে তৎপরতা তুলনামূলক কম। যানবাহন চলাচলের সময় সড়ক থেকে ধুলা উড়ে আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে গিয়ে পড়ছে। এতে পথচারীদেরও ধুলাবালির মধ্যে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্মাণকাজের কারণে সাময়িকভাবে ব্যবসা পরিচালনায় অসুবিধা হচ্ছে। যানবাহন চলাচলের সময় ধুলা বেশি উড়লে দোকানে বসা ও পণ্যসামগ্রী সংরক্ষণে সমস্যা হয়। তবে চার লেনের কাজ শেষ হলে সড়ক যোগাযোগে উন্নতি হবে বলে আশা করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি কাজ চলাকালে নিয়মিত পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণ এবং যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরে প্রকল্পটির জন্য ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের আওতায় প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গত বছরের অক্টোবর থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী আগামী ২০২৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করছি।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, শান্তিগঞ্জের দুই কিলোমিটার ফোর লেনের কাজটি নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে হচ্ছে। আমরা নিয়মিত কাজের তদারকি করছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।